রাজনীতিশিরোনাম

বিশ্বের সবচেয়ে গরীব দেশও করোনা পরীক্ষায় ফি নেয় না: রিজভী

অবিলম্বে ফি বাতিল করে বিনামূল্যে নাগরিকদের করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা পরীক্ষায় ফি নির্ধারণ গণবিরোধী সিদ্ধান্ত।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।
বিএনপি মুখপাত্র বলেন, এখন মরণঘাতী করোনাভাইরাস পরীক্ষার ওপর ২০০ টাকা ফি আরোপ করার সিদ্ধান্ত বিস্ময়কর। এমনিতেই অর্থনৈতিক সংকট চরমে। মানুষের ঘরে খাবার নেই। হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে অসহায়ভাবে পথে-ঘাটে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে।
তিনি বলেন, প্রয়োজনের তুলনায় পরীক্ষাও হচ্ছে নামমাত্র। এরমধ্যে এই গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হলো। মহামারীর চিকিৎসা কখনো ব্যক্তিগত উদ্যোগে হয় না। করোনা মহামারীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রের।
রিজভী বলেন, বিশ্বের কোথাও সরকারিভাবে কভিড টেস্টে অর্থ নেওয়া হয় না। দক্ষিণ এশিয়ার সবচেয়ে গরীব দেশ আফগানিস্তানেও কভিড টেস্ট বিনামূল্যে করা হচ্ছে। এমনকি বিশ্বের সবচেয়ে গরীব দেশ পশ্চিম আফ্রিকার বুরকিনা ফাসো কভিড টেস্ট বিনামূল্যে করাচ্ছে।
তিনি বলেন, আমাদের দেশের শাসকগোষ্ঠী এই মহামারীকেও বানিয়েছে মুনাফা অর্জনের উপলক্ষ্য। এরা কতটা অমানবিক তার নিকৃষ্টতম প্রমাণ এই ফি ধার্য।
বিএনপি মুখপাত্র বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমস্ত মনোযোগ দুর্নীতি আর লুটপাটে। একটি হাসপাতালে ডাক্তার-নার্সদের খাবার-দাবারের বিল ২০ কোটি টাকা দেখালেও অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী বলছেন কোনো দুর্নীতি হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং তার দলের নেতা মন্ত্রীরা প্রায়শই দাবি করেন- বিশ্বে বাংলাদেশ নাকি রোল মডেল। কিসের জন্য বাংলাদেশ মডেল? স্বীকার করতেই হবে বাংলাদেশ এখন দুর্নীতির জন্য সারা বিশ্বের কাছে মডেল।
“কারণ এরা যেমন ‘স্বর্ণের মেডেল’ থেকে স্বর্ণ চুরি করে আবার করোনায় বিপর্যস্ত মানুষের জন্য বরাদ্দ করা ত্রাণের চাল চুরি ও নকল মাস্কের ব্যবসা করেও ‘রোল মডেল’ হয়েছে’ যোগ করেন রিজভী।
তিনি অভিযোগ করে বলেন, যে কোনো উপায়ে টাকা আয় করে দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ এবং বিদেশে পাচার করে দেওয়াই যেন এই সরকারের নীতি হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button