ফরিদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র করোনায় আক্রান্ত

ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন মৃধা ও ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু করোনায় আক্রান্ত হয়েছেন। ফরিদপুরের স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান দেশ রূপান্তরকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ফমেকের পিসিআর ল্যাবরেটরীতে ৩৭৬ টি নমূনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩২ জনের করোনা পজিটিভ এসেছে।
করোনা পজিটিভ আসা এই রোগীদের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা এবং পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুও রয়েছেন বলে সিভিল সার্জন জানান। সোমবার ২২ জুন তাদের নমুনা সংগ্রহ করা হয়।
জেলার সরকারি ওই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত সোমবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন লোকমান হোসেন মৃধা। আর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু তার ঝিলটুলীর বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার। এছাড়া পৌর মেয়র শেখ মাহতাব আলীর মেথুর ড্রাইভার মো. আব্দুস সবুরও করোনায় আক্রান্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এর আগে ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনা শনাক্ত হয়।




