সংক্রমণ বেড়ে যাওয়ায় দ. কোরিয়ায় আবার বন্ধ হলো ২ শতাধিক স্কুল

দক্ষিণ কোরিয়ায় নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২ শতাধিক স্কুল ফের বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে কোরিয়া টাইমসের খবরে বলা হয়, করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় বুচন শহরে মোট ২৫১ স্কুল বন্ধ করতে হয়েছে। রাজধানী সিউলে আরো ১১৭ স্কুল খোলার সময়ও পিছিয়ে দেওয়া হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দেশটিতে ৬ মে থেকে বিধিনিষেধ শিথিল হতে থাকে। বেশ ক’মাস অনলাইনে শিক্ষাকার্যক্রম চলার পর গত বুধবারই শ্রেণিকক্ষে ফিরেছিল শিক্ষার্থীরা। তবে দুই দিনের মাথায়ই তা ফের বন্ধ ঘোষণা হলো।
গতবছর ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরপরই দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। ওই সময় দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ অনেক বেশি থাকলেও পরে দেশটি আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল।
বৃহস্পতিবার দেশটিতে নতুন করে ৭৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। যা শেষ দুই সপ্তাহে রেকর্ড।
শুক্রবার দেশটিতে নতুন করে ৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সব মিলে এখন পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১১,৪০২। মৃতের সংখ্যা ২৬৯।




