আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি আরবে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান নগরীতে ইয়েমেনের শিয়া হাউছি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন তিনজন নারী। সৌদি প্রেস এজেন্সির এক রিপোর্টে বলা হয়েছে, ইয়মেন থেকে এই হামলা হয়েছে মঙ্গলবার।
জাজানের সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মাদ আল ঘাদমি বলেছেন, সৌদি আরবের দক্ষিণ সীমান্তবর্তী ওই এলাকার দিকে ইয়েমেন ক্ষেপণাস্ত্র উড়ে আসার বিষয়টি ধরা পড়ে সৌদি সেনাবাহিনীর কাছে। তবে সেটি ভূপাতিত করতে পারেনি তারা।
ক্ষেপণাস্ত্রটি একটি বাড়িতে আঘাত হানে এবং এতে ওই বাড়িতে অবস্থানকারী তিন নারী আহত হয়েছেন। দ্রুত তাদের হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে।
ইরান সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার ঘটনা নতুন নয়। ২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দুর রব্বুহ মানসুর হাদীর সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে হাউছিরা। বর্তমানে রাজধানী সানাসহ বেশ কিছু অঞ্চল রয়েছে তাদের দখলে। হাউছিদের বিরুদ্ধে সৌদি আরব বিমান হামলা শুরু করার পর হাউছিরা প্রায়ই সৌদি আরবে ভূখণ্ডে হামলা চালায়।

Related Articles

Back to top button