বিনোদন
‘বঙ্গ ইন্ডিয়া’ ফেসবুক পেজে আসছে থ্রিলার ‘নীলাঞ্জনা’

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে গৃহবন্দী অবস্থায় সময় কাটাতে দর্শকদের জন্য বঙ্গ ইন্ডিয়া নিয়ে আসছে প্রিয়াঙ্কা সরকার ও মৈনাক বন্দ্যোপাধ্যায়ের নতুন থ্রিলার সিনেমা ‘নীলাঞ্জনা’।এক চাকরিরত সিঙ্গেল মা নীলাঞ্জনা। মেয়ে অঞ্জনার জন্মদিনে কথা দিয়েও তাড়াতাড়ি আসতে পারে না কাজের কমিটমেন্টের কারণে। কোম্পানির উঁচু পদে কর্মরত থাকার বিড়ম্বনা। কিন্তু বাড়ি ফেরার পথে অদ্ভুত সমস্যায় পড়ে সে। এখান থেকে চিত্রনাট্যে রহস্য দানা বাঁধে।
পার্কিং স্পেসে একের পর এক সমস্যা হতে শুরু করে। প্রথমে গাড়ি খারাপ হয়ে যায়। এরপর অপরিচিত নিরাপত্তারক্ষী এসে বলে তারও জন্মদিন আজ, তাই নীলাঞ্জনার সঙ্গে কেক কাটবে। বাদানুবাদ কাটিয়ে ট্যাক্সি ধরতে নামে সে। কিন্তু তারপরেই কিডন্যাপ হয় নীলাঞ্জনা। রহস্য বাড়িয়ে দেয় ডি লেখা একটি ন্যাপকিন।
ছবির ট্রেলার দর্শকের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। নীলাঞ্জনার পরিচালক অর্ক সিনহা। আগামী ১ মে ‘বঙ্গ ইন্ডিয়া’ ফেসবুক পেজে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি।




