করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে ‘লকডাউনের’ কবলে পড়ে ভারতের দিল্লিও চেন্নাইতে আটকে পড়া ৩২৯ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।
শুক্রবার বিকেলে দুটি আলাদা ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তারা। এই বাংলাদেশি যাত্রীদের বেশির ভাগই ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগী এবং তাদের স্বজন। এ ছাড়া যাত্রীদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীও রয়েছেন।
দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান জানান, দিল্লি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১৬৩ জন এবং ইউএসবাংলা এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ১৬৬ জন যাত্রী ঢাকায় ফেরেন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ ও সরকারের সহযোগিতায় ভারতে আটকে পড়াদের বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।
মোহাম্মদ ইমরান জানান, এর আগে গত ২০ এপ্রিল চেন্নাই থেকে প্রথম ফ্লাইটে ১৬৪ জন বাংলাদেশি ঢাকায় ফিরেছেন।
বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার আরও একটি ফ্লাইটে চেন্নাই থেকে ১৬৪ জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে। এদের অধিকাংশই বেঙ্গালুরু নারায়ণা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়েছিলেন। দুই দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ভবিষ্যতে প্রয়োজনে আরও ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হবে।




