প্রবাসশিরোনাম

প্রায় ৩০০ অস্ট্রেলিয়ান নাগরিক দেশে ফিরে যাচ্ছেন

অস্ট্রেলিয়ার প্রায় তিন শ’ নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাদের পরিবার বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন।
এক কর্মকর্তা ইউএনবিকে জানান, রাত ৮টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটযোগে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক এমন নিবন্ধিত যাত্রীদের বিকাল ৩টা ৪৫ মিনিটের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ার হাইকমিশন।
শ্রীলঙ্কার বিশেষ বিমানটিতে ২৯৪ যাত্রীর জন্য আসন রয়েছে। অস্ট্রেলিয়া যেতে ইচ্ছুক এমন ৩৩৯ জন যাত্রী হাইকমিশনের পক্ষ থেকে একটি ইমেইল পেয়েছেন। তবে শেষ মুহূর্তে নিবন্ধিত কারো যাত্রা বাতিল হলে তাকে অপেক্ষমান তালিকায় রাখা হবে।
এর আগে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার ঘোষণা দেন, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিশেষ বাণিজ্যিক বিমান (নন-শিডিউল) যোগে অস্ট্রেলিয়ানদের বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, ‘যদিও আমরা দেশে ফিরে আসতে ইচ্ছুক প্রত্যেককে পর্যাপ্ত আসন দেয়ার চেষ্টা করব, যারা ইতোমধ্যে নিবন্ধন করেছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।’
অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত তাদের দেশের নাগরিকদের এই সুযোগটি গ্রহণ করার জন্য যথাসময়ে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলেছেন, কারণ তারা পরবর্তীতে হয়তো আর বিমানের (নন-শিডিউল) ব্যবস্থা করতে পারবেন না।
সূত্র : ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button