Uncategorized

নাফ নয় ধলেশ্বরীতে, রোহিঙ্গা নয় ইটভাটার শ্রমিক!

আমরা সাধারণত ট্রলার বোঝাই করে নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের আটক হওয়ার খবর ও ছবি দেখে অভ্যস্ত। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশজুড়ে চলা ‘লকডাউনের’ মধ্যে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া নিম্ন আয়ের নিরন্ন মানুষ কাজের খোঁজে ও বেঁচে থাকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গোপনে পাড়ি জমাচ্ছেন।
এর আগে পিকআপ ভ্যানে মাছের ড্রামে করে ও মালামাল পরিবহনের কাভার্ড ভ্যানে করে একস্থান থেকে অন্য স্থানে যাওয়ার মরিয়া চেষ্টার খবরও আমরা দেখেছি। এবার রাতের আঁধারে ট্রলারে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে ধলেশ্বরী নদী থেকে ৯০ জন ইটভাটার শ্রমিককে আটকের খবর পাওয়া গেল।
সোমবার রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদী থেকে ওই শ্রমিকদের আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের মধ্যে ৩০ জন নারী, ৪৮ জন পুরুষ ও ১২ জন শিশু রয়েছে।
মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন খান জানান, দক্ষিণ কেরানীগঞ্জের জাজিরা এলাকার বিভিন্ন ইটভাটার প্রায় ৯০ জন শ্রমিক ট্রলারযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেয়। রাত দেড়-টার দিকে ট্রলারটি মুক্তারপুর এলাকা সংলগ্ন ধলেশ্বরী নদীতে আসলে নৌ-পুলিশের একটি টিম তাদের আটক করে।
বর্তমানে আটক শ্রমিকরা মুক্তারপুর নৌফাঁড়ি পুলিশের হেফাজতে রয়েছে। তাদের দুপুরের খাবার দেওয়া হচ্ছে।
নৌফাঁড়ির ইনচার্জ আরও জানান, আটক নারী-পুরুষ শ্রমিকদের দক্ষিণ কেরানীগঞ্জে নিজ নিজ বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে। নৌ-পুলিশের উদ্যোগে আটক শ্রমিকদের মাঝে ৪-৫ দিনের জন্য চাল, ডাল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সুত্র : দেশ রূপান্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button