জামালপুরে ত্রাণের চাল ও আলু লুট করে নেয়ার অভিযোগ

জামালপুর ত্রাণের চাল ও আলু লুট করে নেয়ার অভিযোগ উঠেছে ত্রাণ না পাওয়া, কর্মহীন এক দল হতদরিদ্রের বিরুদ্ধে। দুপুরে পৌরসভার মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ছয় শ বস্তা চাল ও তিন কেজি ওজনের ছয় শ প্যাকেট আলু নিয়ে সিংহজানী খাদ্য গুদাম থেকে একটি ট্রাক বানিয়া বাজার এলাকায় যাচ্ছিল। এ সময় মুকন্দবাড়ি এলাকায় ত্রাণ না পাওয়া কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ ট্রাক আটকে চাল ও আলু লুট শুরু করে। পরে ত্রাণ সামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।
ত্রাণ বঞ্চিতরা বলেন, বিভিন্ন জায়গায় বারবার ধরনা দিয়েও এখন পর্যন্ত তারা কোনো ত্রাণ পাননি। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগও করেন তারা।
পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশা জানান, লকডাউনে কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরাদ্দকৃত ত্রাণ রবিবার আমার ওয়ার্ডে দেওয়ার কথা ছিল। আমিসহ মহিলা কাউন্সিলর এবং সংশ্লিষ্টরা নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানান, রাস্তায় ট্রাক আটকে ত্রাণ লুট করা হচ্ছে। প্রায় চার শর মতো ত্রাণের প্যাকেট লুট হয়ে গেছে। ফুটেজ দেখে ত্রাণ লুটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি জানান, ত্রাণ সামগ্রী লুট হয়নি, মূলত তাড়াতাড়ি করে ত্রাণ বিতরণ করায় অনেকেই এটাকে লুটের ঘটনা বলে মনে করছে।




