চিকিৎসকদের কাছে ‘আজীবন ঋণী’ জনসন

মৃত্যুর মুখ থেকে ফিরে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ‘আজীবন ঋণী’ থাকার কথা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জসন। আইসিইউ থেকে ছাড়া পেয়ে বন্ধুদের জানান, নার্স-ডাক্তারদের ধন্যবাদ দেয়ার মতো ভাষা তার নেই।
৫৫ বছর বয়সী জনসনের দেহে গত মাসে করোনাভাইরাস ধরা পড়ে; এরপর থেকে তিনি ডাউনিং স্ট্রিটের বাসভবনেই আইসোলেশনে ছিলেন। আক্রান্ত হওয়ার ১০ দিন পরও জ্বর, কাশিসহ উপসর্গগুলো অব্যাহত থাকায় গত রবিবার তাকে সেইন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়।
পরের ২৪ ঘণ্টায় তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতালে সাত রাত পার করা জনসনের এক বন্ধুর বরাত দিয়ে দ্য মেইল অন সানডে লিখেছে, ‘প্রধানমন্ত্রী নভেল করোনাভাইরাসকে হারানোর খুব কাছে চলে এসেছেন।’
গতকালই জানা যায় জনসন অল্প পরিসরে হাঁটা শুরু করেছেন। এখন সবার সঙ্গে স্বাভাবিকভাবে কথাও বলছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিকিৎসকেরা জনসনের হাতে ফোন তুলে দিলে প্রথমে তিনি গর্ভবতী বাগদত্তাকে কল করেন। বাড়িতে তিনিও নভেল করোনাভাইরাসে আক্রান্ত।’




