মানিকগঞ্জে পুলিশ সদস্যসহ ২জন করোনা আক্রান্ত, ৯ গ্রাম লকডাউন
সংবাদদাতা, (শিবালয়) মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এক পুলিশ সদস্য ও হরিরামপুর উপজেলায় এক প্রেস ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় প্রশাসন শিবালয়ের ৩টি ওয়ার্ডের ৮টি গ্রাম ও হরিরামপুরের একটিসহ মোট ৯টি গ্রাম লকডাউন ঘোষণা করেছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের বীর বাসাইল কলাবাগান এলাকার আদম আলী শেখের ছেলে মহিউদ্দিন গোপালগঞ্জের মকসুদপুর থানায় কনস্টেবল পদে চাকরি করেন।
গত ৬ এপ্রিলি তিনি ঠান্ডা-কাশি নিয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।
শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসলে তাকে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়। এ ঘটনায় মহিউদ্দিনের বাড়িসহ ওই ইউনিয়নের ৮টি গ্রাম লকডাউন করা হয়েছে।
অপরদিকে হরিরামপুর উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের দেলোয়ার হোসেন কেরানীগঞ্জে প্রেসের ব্যবসা করেন।
তিনি গত ৮ এপ্রিল ঢাকা থেকে নিজ গ্রামে আসেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে আইইডিসিআর থেকে তার রিপোর্ট পজিটিভ আসে।
এ ঘটনায় উপজেলা প্রশাসন ৪ শতাধিক পরিবারের ভেলাবাধ গ্রামটি লকডাউন ঘোষণা করে।




