করোনায় একদিনে এক লাখের বেশি মানুষ আক্রান্ত

ভয়াবহ করোনাভাইরাসে বিশ্বজুড়ে একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে বুধবার।
ডিসেম্বরের শেষে চীনে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই প্রথম একদিনে এক লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমিত হলো।
বিবিসি জানায়, মৃত্যুর সংখ্যার হিসাবেও গতকাল সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিশ্বজুড়ে। মারা যাওয়া ৬ হাজারের বেশি মানুষের অর্ধেকের বেশিই স্পেন, ইতালি ও যুক্তরাষ্ট্রে।
এ নিয়ে করোনাভাইরাসে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ১ এপ্রিলের আগে মার্চের শেষ সাত দিন গড়ে প্রতিদিন সংক্রমণ হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার মানুষের মধ্যে। গড়ে প্রতিদিন মারা গেছে প্রায় ৩ হাজার মানুষ।
১ এপ্রিল প্রকাশিত হওয়া ৩১ মার্চের পরিসংখ্যানে একদিনে প্রায় ৭৫ হাজার মানুষের মধ্যে সংক্রমণের হিসাব পাওয়া যায় এবং মৃত্যুর সংখ্যা দিনে চার হাজার ছাড়ায়।
গত ২৪ ঘণ্টায় প্রথমবারের মতো একদিনে ১ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই নতুন করে সংক্রমণ ঘটেছে ২৫ হাজারের বেশি মানুষের মধ্যে।
৩১ মার্চের পরিসংখ্যান পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় অনুমান প্রকাশ করে, ভাইরাস সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে সারা বিশ্বে সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে এবং মৃত্যুর সংখ্যাও ৫০ হাজার পার করতে পারে।
এরই মধ্যে বিশ্বব্যাপী সংক্রমণ হয়েছে প্রায় সাড়ে ৯ লাখ মানুষের মধ্যে এবং ৪৭ হাজারের বেশি মানুষ মারা গেছে।




