শিরোনাম

মানিকগঞ্জের ঘিওরে একটি গ্রাম লকডাউন

সংবাদদাতা, মানিকগঞ্জ : জ্বর-কাশি নিয়ে ঢাকায় মৃত্যুবরণ করা এক ব্যক্তিকে মানিকগঞ্জের বাইলজুরি গ্রামে দাফন করার পর গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছে ঘিওর উপজেলা প্রশাসন। একই সাথে ৬ টি বাড়ির ২৬ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তি সর্দি-জ্বরে আক্রান্ত হওয়ার পর কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা গিয়েছেন। কী রোগে মারা গেছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের সদস্যরা গোপনীয়তার মধ্যে বুধবার ভোরে লাশ গ্রামের বাড়িতে এনে দাফন করেছেন।
নিহতের ভাই আব্দুল মালেক বলেন, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ক্যাশিয়ারের চাকরি করতেন আলমগীর হোসেন (৪৮) নামে ওই ব্যক্তি। সপ্তাহখানেক আগে তিনি জ্বর-কাশিতে আক্রান্ত হলে হাসপাতাল থেকে তাকে ছুটি দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। এরপর থেকে তিনি ঢাকার বাসাতেই ছিলেন।
মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। বুধবার ভোর ৪ টার দিকে গোপনীয়তার মধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাইলজুরি গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
খবর পেয়ে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার দুপুরে করোনা সতর্কতায় বাইলজুরি গ্রাম লকডাউন ঘোষণা করেন। একই সঙ্গে মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ৬ বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেন।
শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, গ্রামটি লকডাউন ঘোষণার পর পুরো এলাকায় ইতিমধ্যে মাইকিং করা হয়েছে। সেই সঙ্গে ৬টি বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button