পুলিশের গালে চড় মারা যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের দুই কনস্টেবলকে চড় মারা সেই নারী কাউন্সিলরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে প্রিজনভ্যানে করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়। মহানগর হাজতখানার ইনচার্জ এসআই আব্দুল আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার রুহুননেছা রুনা (৪০) গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক। তিনি সিটি করপোরেশনের ৩১, ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর।
জিএমপির প্রসিকিউশন শাখার সহকারী কমিশনার (এসি) এ কে এম আহসান হাবীব জানান, সকালে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিদুল ইসলামের আদালতে মামলার নথি উপস্থাপন করা হয়। কাউন্সিলরের পক্ষে কেউ জামিন আবেদন না করায় তাকে আদালতে তোলা হয়নি। তাকে হাজতখানায় রেখেই মামলার নথিপত্র দেখেন ম্যাজিস্ট্রেট। পরে সিডাব্লিউ (কাস্টরি ওয়ারেন্ট) মূলে তাকে কারাগারে পাঠানো হয়।
শনিবার দুপুরে চান্দনা চৌরাস্তায় জয়দেবপুর রোডে গাড়ি মোড় নেয়াকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে দ্বন্দ্ব হয় ওই নারীর। এরপর দুই কনস্টেবলকে চড় মারার অপরাধে তাকে আটকের পর গতকাল রাতেই পাঁচটি ধারায় রুনার বিরুদ্ধে বাসন থানায় মামলা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চান্দনা চৌরাস্তা মোড়ে ইউন্টার্ন ও উল্টো পথে গাড়ি চালানো বন্ধে রশি টানিয়ে রাখা ছিল। কাউন্সিলর রুহুননেছা ব্যক্তিগত গাড়ি নিয়ে রশি সরিয়ে ইউন্টার্ন নেওয়ার চেষ্টা করেন। এ সময়ে সেখানে কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ সদস্য তাকে থামান। রুহুননেছা রুনা নিজেকে কাউন্সিলর হিসাবে পরিচয় দিলেও পুলিশ তাকে ইউন্টার্ন নিয়ে উল্টোপথে গাড়ি নিতে বাধা দেন।
পরে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে রুহুননেছা উত্তেজিত হয়ে ওই ট্রাফিক পুলিশের গালে চড় দিয়ে বসেন এবং পুলিশ সদস্যের ইউনিফর্মের শার্টের বোতাম ছিঁড়ে ফেলেন। সেখানে থাকা ট্রাফিক পুলিশ বক্সে থেকে আরও পুলিশ এসে তাকে আটক করে বসিয়ে রেখে বাসন থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যান। কাউন্সিলর রুহুননেছা বলেন, চান্দনা চৌরাস্তা এলাকায় অনেকেই উল্টোপথে যাতায়াত করে থাকে। একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য তাদেরকে নিজের পরিচয় দিয়ে অনুরোধ করলেও তারা কথা রাখেনি। একপর্যায়ে পুলিশ এমন আচরণ করছিল যেন আমার উপড়ে এসে পড়বে। তখন নিজেকে রক্ষা করতে চড় দিয়েছি।
পূর্বপশ্চিম




