চীনে কোয়ারেন্টাইন হোটেলে ধস : নিহত ৬

চীনের পূর্বাঞ্চলীয় কোয়াংঝো শহরে হোটেল ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। ভেতরে আরো ২৮ জনের মতো আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। রোববার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
এ হোটেলটিতে করোনা ভাইরাসে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এমন লোকজনকে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল।
জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে সাত তলাবিশিষ্ট হোটেলটি ধসে পড়ে। সেখানে কমপক্ষে ৭০ জন আটকা পড়েছিল। আজ সকাল সাড়ে ১০টার দিকে ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে হোটেলটি ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি।
বেইজিং নিউজ ওয়েবসাইটকে একজন নারী বলেছেন, তার এক বোন এবং আত্মীয়কে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। তিনি বলছিলেন, “আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। তারা তাদের ফোন ধরছেন না। আমিও আরেকটা হোটেলে কোয়ারেন্টিনে ছিলাম। আমি খুব উদ্বিগ্ন। আমি বুঝতে পারছি না কি করবো। তারা ভালো ছিল। ডাক্তাররা তাদের প্রতিদিন তাপমাত্রা নিচ্ছিলো। এবং টেস্টের ফলাফল দেখাচ্ছিল সবকিছু স্বাভাবিক আছে”।
শুক্রবার পর্যন্ত ফুজিয়ানে ২৯৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর বাইরে ১০ হাজারেরও বেশি মানুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সূত্র : রয়টার্স




