
অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুটি ছোট বিমানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।
এবিসি নিউজ জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মেলবোর্ন থেকে ১২০ কি.মি. উত্তরে ম্যাঙ্গালোর শহরে এই ঘটনা ঘটে।
চার হাজার ফুট ওপর মাঝ আকাশে দুই ইঞ্জিন বিশিষ্ট বিমান দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বিমান দুইটিতেই একজন করে পাইলট ও যাত্রী ছিল।
ছবিতে বিমান দুটির ধ্বংসাবশেষ জমি ও গাছপালার ওপর পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশ জানায়, উভয় বিমান বৈধভাবেই ওই এলাকায় উড়ছিল। একটি বিমান সংঘর্ষের কিছু আগে কাছের বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অন্য বিমানটি আসে পার্শ্ববর্তী কোনো শহরের বিমানবন্দর থেকে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা পিটার কগার বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই দুই বিমান একই লাইনে কীভাবে আসল। ধারণা করছি, মেঘের কারণে তারা পরস্পরকে দেখে নাই। ঘটনার তদন্ত চলছে।’




