উপমহাদেশশিরোনাম

দাম কমাতে পেট্রলে মিথানল মেশাবে ভারত

পেট্রলে মিথানল নামে এক রাসায়নিক পদার্থ মেশানোর প্রস্তাব দীর্ঘদিন ধরে ভারতীয় কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। মূলত জ্বালানির দাম কমাতে এই পদক্ষেপ।
এই সময়ের এক প্রতিবেদনে বলা হচ্ছে, এপ্রিল মাস যত এগিয়ে আসছে ততই বিষয়টি নিয়ে প্রশাসনিক সক্রিয়তা বাড়ছে। প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও পেট্রলে মিথানল মেশানোর প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পেট্রোলিয়াম মন্ত্রণালয় অহেতুক গড়িমসি করছে বলে অভিযোগ সরকারি নীতি-নির্ধারক সংস্থা নীতি আয়োগ।
বর্তমানে ভারতের যানবাহনে বিএস-ফাইভ বা ভারত স্টেজ-ফাইভ মানের জ্বালানি ব্যবহার করা হয়। যানবাহনের দূষণ কমাতে সেখান থেকে ভারত একলাফে বিএস-সিক্স মানের জ্বালানিতে চলে যাচ্ছে। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
ইউরো-সিক্স মানের জ্বালানি ব্যবহারের কারণে এপ্রিলের শুরু থেকেই পেট্রল ও ডিজেলের দাম আর একদফা বাড়তে চলেছে। এ ক্ষেত্রে তেলের দাম লিটারে ৫০ পয়সা থেকে ১ রুপি পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা। এই পরিস্থিতিতে পেট্রলে ১৫ শতাংশ হারে মিথানল মেশানোর প্রস্তাব দিয়েছে নীতি আয়োগ।
পেট্রলের থেকে মিথানল অনেক সস্তা। এর দাম প্রতি লিটার ২০ রুপির কাছাকাছি। মিথানল মেশানো হলে প্রতি লিটার পেট্রলের দাম ১০ শতাংশ পর্যন্ত কমে যাবে বলে মনে করা হচ্ছে।
পেট্রলে ১৫ শতাংশ হারে মিথানল মেশানো হলে বিশ্ব বাজার থেকে ভারতে তেল আমদানির পরিমাণও হ্রাস পাবে। এতে লাভবান হবে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি কমবে দূষণের মাত্রা।
ভারত তেল আমদানি নির্ভর। ঘরোয়া বাজারে মোট প্রয়োজনীয় তেলের প্রায় ৮০ শতাংশ বিদেশ থেকে আমদানি করে ভারত। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং টাকা-ডলারের বিনিময় মূল্যের অদলবদলের সঙ্গে সঙ্গে ভারতের ঘরোয়া বাজারে খুচরো তেলের দাম পরিবর্তিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button