নিজস্ব নাম পাচ্ছে নতুন ‘করোনাভাইরাস’

চীনে মহামারি আকার ধারণ করা নতুন ভাইরাসটির জন্য আলাদা নাম ঠিক করছেন বিজ্ঞানীরা। একে করোনাভাইরাস বলে উল্লেখ করা হচ্ছে। কিন্তু এটা আসলে ওই ভাইরাসটির নাম নয়, বরং ভাইরাসের যে গ্রুপ বা দলে সেটির নাম।
এটির সাময়িক একটা নামও দেয়া হয়েছিল ২০১৯-এনকভ হিসেবে। কিন্তু বলার ক্ষেত্রে এটা খুব একটা সহজ নয়।
বিজ্ঞানীরা এই ভাইরাসটির একটি উপযুক্ত নাম ঠিক করার কসরত করে যাচ্ছিলেন। এখন তারা বিবিসিকে জানিয়েছেন, খুব শিগগিরই নাম ঘোষণা করা হবে।
নতুন কোনো ভাইরাসের নামকরণ সাধারণত কিছুটা দেরিতে হয় এবং জনস্বাস্থ্যের ওপর এটি কী ধরনের প্রভাব ফেলে তার উপর গুরুত্ব দেয়া হয়, যা যুক্তিসম্মত।
জনস হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটির সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ স্কলার ক্রিস্টাল ওয়াটসন বিবিসিকে বলেন, নতুন এই ভাইরাসকে চিহ্নিত করতে বিজ্ঞানীরা নভেল বা নতুন করোনাভাইরাস নামে ডাকছেন। অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে দিয়ে দেখলে মুকুটের মতো স্পাইক বা কাটা থাকে বলে এদের করোনাভাইরাস নামকরণ করা হয়েছে।
‘আনুষ্ঠানিক নাম না থাকার সমস্যা হচ্ছে মানুষ এটাকে চায়না ভাইরাস বলে ডাকতে শুরু করে, আর এটা নির্দিষ্ট জনগণের জন্য নেতিবাচক হতে পারে।’
জরুরি ভিত্তিতে ভাইরাসটির আনুষ্ঠানিক নামকরণ করার দায়িত্ব ইন্টারন্যাশনাল কমিটি অন ট্যাক্সোনমি অব ভাইরাসেস-আইসিটিভি নামে একটি প্রতিষ্ঠানের।
এর আগের প্রাদুর্ভাবটি এই দলটির জন্য সতর্কতামূলক উদাহরণ ছিল। ২০০৯ সালে এইচওয়ানএনওয়ান ভাইরাসের নাম দেয়া হয়েছিল ‘সোয়াইন ফ্লু’। এর কারণে মিশর তাদের সব শুকর মেরে ফেলেছিল, যদিও ভাইরাসটি শূকরের মাধ্যমে নয় বরং মানুষের মাধ্যমে ছড়ায়।




