
ভারতে জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড়ো রাজ্য উত্তর প্রদেশে বিতর্কিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রয়োগ শুরু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীকান্ত শর্মা সাংবাদিকদেরকে ব্যাপারটি নিশ্চিত করেছেন। চলতি মাসের গোঁড়ার দিকে সিএএ কার্যকর এবং আইনের আওতায় অবৈধ অভিবাসীদের শনাক্ত কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীকান্ত শর্মা।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের ৮০টি জেলার মধ্যে ২১টি জেলা থেকে ৩২ হাজার ব্যক্তিকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। চলতি মাসের গোঁড়ার দিকে শুরু হওয়া শনাক্ত কাজ চলবে বলে জানিয়েছেন তিনি।
গত ১১ ডিসেম্বর ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় আইনটি পাশের পর থেকেই দেশজুড়ে বিভিন্ন রাজ্যে বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভের সহিংসতায় অন্য রাজ্যগুলো থেকে অনেক এগিয়ে ছিল উত্তর প্রদেশ। বিপুল সংখ্যক মুসলমানের বাস ঐ রাজ্যে। তাই শুরু থেকেই আইনটি বাতিলের দাবিতে সেখানকার অধিকাংশ মুসলিম ও অন্য ধর্মাবলম্বীরা অংশ নেয়। পুলিশও সেখানে ব্যাপক বল প্রয়োগ করে। বিক্ষোভ শুরুর পর থেকে সেখানে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। যাদের অধিকাংশেই পুলিশের গুলিতে নিহত হন।
নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে প্রতিবেশী মুসলিম প্রধান দেশগুলো থেকে আসা অমুসলিম সংখ্যালঘুদের ভারতের নাগরিকত্ব দেয়ার বিধান রয়েছে। সমালোচকরা বলছেন, ২০ কোটি সংখ্যালঘু মুসলমানকে তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করার জন্যই ‘হিন্দু জাতীয়তাবাদীরা’ কৌশলে ঐ আইনটি ব্যবহার করছে। তবে ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি বলছে, সিএএ মানুষকে নিপীড়নের হাত থেকে রক্ষা করবে। বিবিসি




