খেলা

টি-টেন লিগে চ্যাম্পিয়ন মারাঠা এ্যারাবিয়ানস

ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টেন লিগের তৃতীয় আসরের শিরোপা জিতল ডোয়াইন ব্রাভোর দল মারাঠা এ্যারাবিয়ানস। রোববার (২৪ নভেম্বর) রাতে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উদযাপনে মাতে দলটি।
ফাইনাল ম্যাচে লাসিথ মালিঙ্গা, ক্রিস লিন, ডোয়াইন ব্রাভোদের অ্যারাবিয়ানসের কাছে পাত্তাই পায়নি শেন ওয়াটসন, কাইরন পোলার্ড, মোহাম্মদ শাহজাদদের ডেকান। আগে ব্যাট করে মাত্র ৮৭ রান করতে পেরেছিল ডেকান। যা কি না ১৬ বল হাতে রেখেই টপকে যায় অ্যারাবিয়ানস।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মারাঠা অ্যারাবিয়ানস। ব্যাট করতে নেমে ডেকান গ্ল্যাডিয়েটর্সের ব্যাটসম্যানরা মালিঙ্গা-ব্রাভোদের কাছে পাত্তাই পায়নি। শেহজাদ, ওয়াটসন, পোলার্ডরা উইকেটে থাকতে পারেনি বেশিক্ষণ। সর্বোচ্চ ২৫ রান করেন আসিফ খান। আর দলের সংগ্রহ ৮ উইকেটে ৮৭ রান।
জবাব দিতে নেমে ব্রাভো, যুবরাজদের ব্যাটিংয়ে নামার প্রয়োজনই হয়নি। ওপেনার চ্যাডউইক ওয়ালটনের অপরাজিত ৫১ রানে মাত্র দুই উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দলটি। ৬ চার ও ৩ ছক্কায় ওয়ালটন ২৬ বলে নিজের ইনিংসটি সাজান। নাজিবুল্লাহ জাদরান অপরাজিত ছিলেন ১২ রানে। ম্যাচসেরা হয়েছে ওয়ালটন। আর সিরিজ সেরা হন ক্রিস লিন।
একই রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কালান্দার্সকে হারিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button