রাজনীতিশিরোনাম

দেড় হাজার অনুপ্রবেশকারী কোনো পদ পাবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে দলে অনুপ্রবেশকারী দেড় হাজার জনের একটি তালিকা করেছেন। এরা যেন আগামীতে আওয়ামী লীগের কোনো পদ-পদবী না পায় সেদিকে নজর রাখা হচ্ছে। আমরা চাই যারা শিক্ষিত ভালো মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য তারা নেতৃত্বে আসুক।
শুক্রবার (০১ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে উড়ালসড়ক নির্মাণ কাজের পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি থেকে যারা এসেছে, চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমি দস্যু, যাদের ইমেজ খারাপ, যাদের রাজনীতি জনগণের কাছে খারাপ, এই ধরনের অনুপ্রবেশকারীদের একটি তালিকা প্রধানমন্ত্রী নিজের তত্ত্বাবধানে করেছেন এবং উনার কাছে এই তালিকা আছে। তালিকাটি প্রধানমন্ত্রী দলীয় কার্যালয়ে পাঠিয়েছেন। সেই তালিকা বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হচ্ছে। যাতে সারাদেশে এখন যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ্যমে নতুন একটি নেতৃত্ব আসে।
তিনি বলেন, কোনো অনুপ্রবেশকারী, বিতর্কিত বা অপকর্মকারীরা যেনো আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতৃত্বে আসতে না পারে সে জন্য প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন। উনার তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামছুন্নাহার, সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল ওহাব মিয়া, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button