শিক্ষাশিরোনাম

অছাত্রদের হলে অবস্থান করতে দেওয়া হবে না: ঢাবি উপাচার্য

কোনভাবেই অছাত্রদের হলে অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করা হবে।
বুধবার (২৩ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আবাসিক হল এবং হোস্টেল প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে হল প্রশাসনকে কাজ করতে হবে ও হল প্রশাসনের সকল উদ্যোগে হল সংসদকে সম্পৃক্ত করতে হবে। আবাসিক হলসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ফ্লোর পরিদর্শনের জন্য তিনি আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের প্রতি আহবান জানান।
বিভিন্ন আবাসিক হলে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানে পরিকল্পিত কর্মকৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, এসব সমস্যা সমাধানে হল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
এ সময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকরা বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button