
আবরার ফাহাদ হত্যাকাণ্ডের জেরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলমান আন্দোলন ভর্তি পরীক্ষার জন্য দুইদিন শিথিল করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা আন্দোলন চালিয়ে যাবেন। তবে ভর্তি পরীক্ষার জন্য আগামী ১৩ ও ১৪ অক্টোবর আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা চলাকালীন তারা ভর্তিচ্ছুদের সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন। সেইসঙ্গে শিক্ষকদের প্রতিও তাদের আস্থার কথা জানিয়েছেন।
এ সময় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়ে বুয়েট শিক্ষার্থীরা বলেন, শুরু থেকেই প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন।
এর আগে শুক্রবার বুয়েটে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবি মেনে না নিলে আসন্ন ভর্তি পরীক্ষা বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচদফা দাবি মেনে নিয়ে তা নোটিশ আকারে প্রকাশ করলেও এখনো শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। প্রথমে ভর্তি পরীক্ষার বিষয়েও শিক্ষার্থীদের সাথে কোনো সমঝোতা না হলেও পরে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে পরীক্ষার জন্য দুইদিন আন্দোলন শিথিল করার সিদ্ধান্ত নেয়।




