শিক্ষাশিরোনাম

মধুর ক্যান্টিন : টেবিল ছাত্রলীগের দখলে, মেঝেতে ছাত্রদল

ছাত্রদলের কাউন্সিলের পর নিয়মিত রাজনীতির আঁতুড়ঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় আজও এসেছেন তারা। কিন্তু ক্যান্টিনের চেয়ার-টেবিল ছাত্রলীগের দখলে। বসার জায়গা না পেয়ে মেঝেতেই বসে পড়েন ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ছাত্রদলের নতুন সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ নেতাকর্মীরা মধুর ক্যান্টিনে আসেন। এর আগেই আগের দিনের মতোই ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যান্টিনের চেয়ার-টেবিল দখল করে নেয়। পরে ছাত্রদলের নেতারা তাদের নেতাকর্মী নিয়ে মেঝেতেই বসে পড়েন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল অভিযোগ করে বলেন, কিছুদিন আগে আমাদের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা করেছে। গতকাল (বুধবার) আমরা মধুর ক্যান্টিনে এসেছিলাম, দুটি টেবিল ছাড়া আর কোনো চেয়ার-টেবিল আমরা পাইনি। আজও ছাত্রলীগ সব চেয়ার-টেবিল দখল করে রেখেছে। কিন্তু আমাদের অধিকারের জন্য আমরা মাটিতে বসে পড়েছি।
সরেজমিনে মধুর ক্যান্টিনে গিয়ে দেখা যায়, ছাত্রদলের ৫০-৬০ জন নেতাকর্মী মধুর ক্যান্টিনের ফ্লোরে বসে পড়েছেন। আর ছাত্রলীগের নেতাকর্মীরা সবাই চেয়ার দখল করে রেখেছেন।
এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button