বিনোদন

‘মাসুদ রানা’ করবেন না শ্রদ্ধা

গুঞ্জন রটেছিল বহুল আলোচিত ‘মাসুদ রানা’ সিনেমায় নায়িকার হওয়ার বিষয়টি জানেনই না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শেষ পর্যন্ত সেটিই সত্যি হলো। সিনেমাটিতে অভিনয় করছেন না শ্রদ্ধা।
শনিবার (২৮ সেপ্টেম্বর) জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, শিডিউল জটিলতায় ‘মাসুদ রানা’য় যুক্ত হতে পারছেন না শ্রদ্ধা কাপুর। তাকে ছাড়াই নির্মিত হবে ছবিটি।
এর আগে ২৯ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘মাসুদ রানা’ সিনেমায় শ্রদ্ধার নায়িকা হওয়ার এমনই এক ঘোষণা দিয়েছিল। সকালে দেয়া ঘোষণাটি সন্ধ্যাতেই মিথ্যে প্রমাণিত হয়। বেশ কিছু গণমাধ্যম শ্রদ্ধা কাপুররে বক্তব্যসহ সংবাদ প্রকাশ করে যে তিনি ওই ছবিটির ব্যাপারে কিছুই জানেন না। তার সঙ্গে কোনো আলাপও হয়নি ‘মাসুদ রানা’ টিমের পক্ষ থেকে।
২৭ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ‘মাসুদ রানা’ সিনেমায় কাজ করার চুক্তি ছিল শ্রদ্ধার। এরপর শ্রদ্ধা বলিউডের অন্য সিনেমার জন্য শিডিউল দিয়ে রেখেছেন। যেহেতু নির্ধারিত সময়ে ছবিটি শুরু করা গেল না তাই শ্রদ্ধাকে আর পাওয়া যাচ্ছে না। কারণ তিনি নতুন করে আর শিডিউল দিতে পারছেন না ‘মাসুদ রানা’কে।
কাজী আনোয়ার হোসেনের লেখা ‘বাংলার জেমস বন্ড’খ্যাত সেই গোয়েন্দা গল্প নিয়ে গত বছর সিনেমার নির্মাণের ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, মাসুদ রানার শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। সিনেমার বাজেট করা হয়েছে প্রায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ৮৩ কোটি টাকা। জাজের সঙ্গে ছবিটির সহপ্রযোজক হিসেবে আছে হলিউডের সিলভার লাইন।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের ডিরেক্টর আসিফ আকবর। ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম পর্ব ‘ধ্বংস পাহাড়’ নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে। এর ইংরেজি নাম ‘এমআর-৯’ আর বাংলা নাম হবে ‘মাসুদ রানা’। ছবিটি ইংরেজি ও বাংলা ভাষায় আসবে। পরে অন্য ভাষায় ডাবিং বা সাবটাইটেল হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button