বনভোজনে গিয়ে নিজ হাতে রান্না করলেন ববিতা

জনপ্রিয় অভিনেত্রী ববিতা দীর্ঘদিন ধরেই সিনেমার পর্দায় নেই। সিনেমা থেকে আড়ালে থাকলেও নানা অনুষ্ঠানে তার দেখা মেলে। নানা সময়ে খবরের শিরোনামেও আসেন তিনি। পরিবারের সঙ্গেই সময় কাটান তিনি। এদিকে এই অভিনয়শিল্পী পরিবারের সদস্যদের বিশাল বহর নিয়ে করে এলেন বনভোজন। আর সেই বনভোজনে সবার অনুরোধে নিজ হাতে রান্নাও করলেন ববিতা।
ববিতার সঙ্গে গিয়েছিলেন তার বোন চম্পার পরিবারও। সব মিলিয়ে প্রায় ২৭ জনের জন্য রান্না করেন ববিতা। ববিতা জানান, প্রতি বছরই তিন বোনের সদস্যদের নিয়ে বনভোজনে যান। কিন্তু এবার বড়বোন সূচন্দা দেশে না থাকায় তাকে ছাড়াই বনভোজনে যান। তবে সূচন্দার পরিবারের সদস্যরা অংশ নেন বনভোজনে।
ববিতা জানান, ঢাকার পূর্বাচলের একটি অবকাশযাপন কেন্দ্রে তাদের সঙ্গে ছিলেন বাড়ির রান্নার সহযোগীরাও। কিন্তু সেখানে গিয়ে নিজেই রান্না করতে বসে গেলেন ববিতা। বনভোজনে পরিবারের সবাই আবদার করে বসলেন, ববিতার রান্না খাবেন। তাই রান্নার দায়িত্ব নিজেই নেন তিনি। ২৭ জনের জন্য ববিতা রান্না করলেন খিচুড়ি, মাছ, মাংস ও সবজি।
ববিতা বলেন, ‘পূর্বাচলে বড় আপার মেয়ের একটা ফার্ম হাউস আছে, সবাই মিলে সেখানে একটা দিন কাটানোর সিদ্ধান্ত হলো। আমাদের তিন বোন পরিবারের সবাইকে নিয়ে বছরের একটা নির্দিষ্ট সময়ে ঘুরতে যাই। পুরো একটা দিন আনন্দ আর হইচই করে কাটাই। এবার এমন একটা সময়ে পরিকল্পনাটা হলো, যখন বড় আপা দেশে নেই। তাই তিনি থাকতে পারেননি। এদিকে বনভোজনে যাওয়ার আগের দিন শুনলাম আমাকেই নাকি রান্না করতে হবে। ভাবলাম, সবাইকে অনেক দিন রান্না করে খাওয়ানো হয় না। এই সুযোগে সেটা হবে।’
রান্নার জন্য খামারের মুরগি, মাছ, শিম, পেঁপে, ফুলকপি, টমেটো, কাঁচা মরিচ সবই ছিল ওই বাগানবাড়িতে। ববিতা বলেন, ‘আমার কিন্তু রান্না করে খাওয়াতে বেশ ভালো লাগে। সময়-সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে যাই। আমার হাতে নারকেল দিয়ে দেশি মুরগি রান্না সবাই খুব পছন্দ করে। গরু ভুনা, টমেটো ও লেবু পাতা দিয়ে রুই মাছ রান্নাও সবাই খুব আনন্দ নিয়ে খায়।’
সুত্র : দেশ রূপান্তর




