জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন বলেন,‘আমরা বর্তমান ভিসিকে পহেলা অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে বলেছি। এর মধ্যে পদত্যাগ না করলে ঘোষিত সময়ের পর আমরা তাকে যেখানে পাবো সেখানেই প্রতিরোধ করবো। আমরা তাকে আর মাননীয় সম্বোধন করতে চাই না। মাননীয়’র মর্যাদা তিনি রাখেন নাই। দুর্নীতির কারণে ভিসির শুধু পদত্যাগ নয়, এর সাথে আরো যারা জড়িত তাদের সকলকেও বিচারের আওতায় আনতে হবে।’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সদস্য রাকিবুল রনি বলেন,‘জনগণের ট্যাক্সের টাকা থেকে দুই কোটি টাকা ভিসি ছাত্রলীগের মধ্যে ভাগ করে দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আগে কেউ এমনটা দেখে নাই যে সরকার দলীয় ছাত্র নেতাদের মধ্যে জনগণের টাকা দিয়ে দেয়। আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে স্বাভাবিক আন্দোলন পরিচালনা করছি। ঘোষিত আল্টিমেটামের মধ্যে পদত্যাগ না করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফারজানা ইসলামকে চিরদিনের জন্য বয়কট করবে।’
অধ্যাপক রায়হান রাইন বলেন,‘ভিসি স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটানো হবে।’এসময় তিনি আগামী রোববার শহীদ মিনারে প্রতিবাদী গান ও ‘অবাঞ্ছিত’ ভিসিকে কালো পতাকা প্রদর্শন করার ঘোষণা দেন।
এসময় দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক তারেক রেজাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




