রাজধানীর ধানমন্ডির কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদ আক্তার শুনানি শেষে অস্ত্র মামলায় ৫ দিন ও মাদক আইনে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামীর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।
এর আগে ধানমন্ডি থানায় দায়ের করা অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
এদিন সকালে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে। অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটির নম্বর ২০(৯)১৯ ও মাদক আইনে দায়ের হওয়া মামলার নম্বর ২১ (৯)১৯।
উল্লেখ্য, শুক্রবার (২০ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব হেফাজতে নেয়া হয়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে অভিযান চালায় র্যাব। অভিযানের শফিকুলের কাছে সাত প্যাকেট হলুদ রঙের ইয়াবা উদ্ধার করেন র্যাব।




