বিনোদন

অতিরঞ্জিত সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানালেন প্রভা

দর্শকনন্দিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আবার ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। দীর্ঘ ফেসবুক পোস্টে সাংবাদিকদের উদ্দেশে তাকে নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানালেন এই অভিনেত্রী।
রোববার (৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে প্রভা লিখেছেন-
‘প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা,
আপনাদের সঙ্গে গত প্রায় এক যুগেরও বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছি। আমার জীবনের নানান চড়াই উৎরাইয়ের ঘটনায় আপনারা পাশে ছিলেন। অন্য সবার মতো আপনারাও আমার কাজে সহযোগিতা করছেন।
কিন্তু ইদানিং খেয়াল করছি, আমার অজান্তে আমাকে ঘিরে কিছু অনলাইন ও প্রিন্ট পত্রিকা অপ্র‌য়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত নানা ধরনের সংবাদ প্রকাশ করছে। আমি অবাক হয়ে লক্ষ্য করছি, সে সব সংবাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আমার অভিনীত নাটকের বিভিন্ন দৃশ্য। এসব সংবাদের শিরোনাম ও ভাষা খুবই আপত্তিকর! এটা কি সাংবাদিকতার কোনো নীতিমালায় আছে যে, যাকে নিয়ে সংবাদ পরিবেশন করছেন তার সঙ্গে যোগাযোগ না করে সংবাদ প্রকাশ করা যায়? প্রভা মানেই কি আপনাদের নিউজের কাটতি, ভিউ আর রিডার? একজন শিল্পীর প্রতি, শিল্পের প্রতি কিংবা দেশের প্রতি কি দায়বদ্ধতা নেই?
একবার ভাববেন। তারপর না হয় আমাকে নিয়ে আপনার স্বনামধন্য পত্রিকায় সংবাদ প্রকাশ করবেন। না হলে আমার আইনজীবী আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে এটাও সত্যি এই কাজ সব সাংবাদিক করেন না। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
আসলে সত্যি কথা হলো, আমি আপনাদের প্রভা হয়ে নিয়মিত কাজ করতে চাই। এই ব্যাপারে অন্য সবার মতো আপনাদের সহযোগিতা আশা করছি। আশা করি, সাংবাদিক বা আমার একজন সংকর্মী হিসেবে এইটুকু আমার জন্য করবেন। সকলের সুন্দর ও আনন্দময় জীবন কামনা করছি।’
কোন সংবাদ প্রকাশের জন্য অসন্তোষ প্রকাশ করলেন প্রভা তা পরিষ্কার করে কিছু বলেননি। তবে কয়েক দিন আগে প্রভা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। এ ভিডিওকে কেন্দ্র করে কিছু অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button