খেলা

হেরে যাওয়া যদি দারুণ হয়, তাহলে হারই ভালো!

বিশ্বকাপে ফেভারিট দল হিসেবেই নিজেদের মাটিতে খেলতে নেমেছিল ইংল্যান্ড। তবে এরমধ্যেই তিনবার হোঁচট খেতে হয় তাদের। শুরুতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো অপেক্ষাকৃত দুর্বল দল এবং পরে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় স্বাগতিকরা। আর এই হেরে যাওয়াতেই নাকি আরো শক্তিশালী হয়েছে ইংল্যান্ড। এমনটাই মনে করেন দলটির ডানহাতি পেস বোলার লিয়ম প্লাঙ্কেট।
হেরে যাওয়া ইংল্যান্ডের জন্য শাপেবর হয়েছে উল্লেখ করে প্লাঙ্কেট আরো বলেন, ‘হেরে যাওয়া ম্যাচগুলো আমাদের আরো শক্তিশালী করেছে। কয়েকটা খারাপ ম্যাচ আমরা খেলেছি। কিন্তু তা সত্ত্বেও আমরা ফিরে এসেছি। এখন আবারও নিজেদের সেরা খেলাটাই খেলছি। আমার কী মনে হয় জানেন? এরপর আমরা আরো ভালো খেলব।’
তবে এখন ইংল্যান্ডের যেমন পারফরম্যান্স, সেটা টুর্নামেন্টের শুরুতে থাকলে আরো ভালো হতো বলেও মনে করেন প্লাঙ্কেট।
ইংল্যান্ডের এই ডানহাতি বোলার মনে করেন, এক নম্বর দল হয়ে ঘরের মাঠে খেলার মতো চাপ নেওয়ার ক্ষমতা রয়েছে তাদের। তিনি বলেন, ‘চাপ নেওয়ার বিষয়টি খারাপ নয়। কীভাবে চাপের মোকাবিলা করছি, সেটাই আসল কথা। অনেকেই আবার চাপের মধ্যেই নিজেদের সেরা খেলাটা খেলতে পারে। কেউ কেউ আবার চাপের মধ্যেও খেলাটা উপভোগ করেন।’
দেশ-বিদেশে আইপিএলের মতো স্বল্প পরিসরে খেলার পর চাপ বিষয়টাই নাকি অনেক সহজ হয়ে গেছে। এমনটাই বললেন প্লাঙ্কেট।
প্লাঙ্কেট আরো বলেন, ‘বিশ্বকাপে যখন খেলার সুযোগ পেয়েছি, তখন তার চাপ আমাদের সামলাতেই হবে। তাই চাপকে উপভোগ করার উপায়টা বের করে ফেলতে পারলেই কিন্তু হয়ে যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button