বিনোদন

স্বামীর ‘গোপনীয়তা’ ফাঁস করলেন প্রিয়াঙ্কা!

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার-অভিনেতা নিক জোনাস বিনোদন অঙ্গনের অন্যতম সেরা জুটি। ২০১৮-এর ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। হিন্দু ও খ্রিস্টান রীতিতে বিয়ে হয় তাঁদের। সেই থেকে তাঁরা অনুরাগীদের দেখিয়ে চলেছেন আন্তর্জাতিক রোমান্স।
সম্প্রতি জীবনধারাবিষয়ক সাময়িকী ‘ইলে’-তে নিজের ক্যারিয়ার, বিবাহিত জীবনসহ নানা বিষয়ে মুখ খুলেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। ফাঁস করেছেন ব্যক্তিগত গোপনীয়তাও। আসলে ভক্তদের সঙ্গে জীবনের অনেক কিছুই ভাগাভাগি করতে ভালোবাসেন পিসি। তাই তো বিশ্বজুড়ে জনপ্রিয়তা তাঁর।
প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, স্বামী নিক জোনাসের জন্য তিনি কেনাকাটা করতে পারেন না, কারণ কেনাকাটাই নাকি তাঁর কাছে অসহ্য লাগে। আর সে কারণে নিকের জন্য তেমন কিছু কেনা হয় না। তা ছাড়া পোশাক বা জুতার ব্যাপারে নিকের আলাদা রুচি রয়েছে। তবে তিনি যা-ই কেনেন, নিক পছন্দ করেন।
বিবাহপূর্ব ও বিবাহপরবর্তী জীবন প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা একদম আলাদা। স্বামী থাকা আর বয়ফ্রেন্ড থাকাটা যে সম্পূর্ণ আলাদা ব্যাপার, আগে কখনো বুঝিইনি। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, এই মানুষটি আমার পরিবার আর এই পরিবার আমিই বেছে নিয়েছি। একটা অদ্ভুত দায়িত্বও তৈরি হয় পরিবারের প্রতি। এবং সেখান থেকেই নিরাপত্তাটা আসে। আমরা প্রতিদিনই একে অন্যের কাছ থেকে শিখি।’
যা হোক, দীর্ঘদিন পর ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডি সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভক্তদের আর তর সইছে না। এরই মধ্যে প্রিয়াঙ্কার ফার্স্ট লুক ফাঁস হয়েছে। নিজের অংশের শুটিং শেষ করেছেন কোয়ান্টিকো তারকা। এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল, এ সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়াকে চারটি ভিন্ন লুকে দেখা যাবে।
সোনালি বোস পরিচালিত ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত, জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। ২১ বছর বয়সে তিনি মারা যান।
ছবিতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, যিনি সম্প্রতি তাঁর পেশা ‘ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সাংঘর্ষিক’ বলে বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছেন। আরো জানিয়েছেন, এ ছবির প্রচারেও অংশ নেবেন না। এ ছবিতে আরো রয়েছেন নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। ১১ অক্টোবর বড়পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ইন্ডিয়া টিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button