শিরোনামশীর্ষ সংবাদ

‘কৌশলগত অংশীদারিত্বকে’ নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ-চীন

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের সময় নিজেদের মধ্যকার ‘কৌশলগত অংশীদারিত্বকে’ নতুন উচ্চতায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ও চীন।
ঢাকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, বেইজিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১-৫ জুলাই সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছে। উভয়পক্ষ গুরুত্বপূর্ণ এ সফরের জন্য বিভিন্ন বিষয় চূড়ান্ত করছে।
সেই সঙ্গে চীন সরকার ১-৩ জুলাই দালিয়ানে আয়োজিত বার্ষিক সম্মেলন ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এ প্রধানমন্ত্রীকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এ সম্মেলন ‘সামার দাভোস’ হিসেবে পরিচিত।
গত সংসদ নির্বাচনে নিজ দলের বিপুল বিজয়ের পর এই প্রথমবারের মতো চীনে দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন শেখ হাসিনা। তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। সফরে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে।
২ জুন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বৈঠক হবে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ডব্লিউইএফ দালিয়ানে ‘কো-অপারেশন ইন দ্য প্যাসিফিক রিম’ শীর্ষক অধিবেশনে প্যানেল সদস্য হিসেবে থাকবেন।
বাংলাদেশ-চীনের সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে গভীর করার জন্য এরই মধ্যে পাঁচটি সুনির্দিষ্ট পরামর্শ উপস্থাপন করেছে বেইজিং।
সম্প্রতি কসমস সংলাপে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জু বলেন, ‘প্রথমত আমাদের কৌশলগত পারস্পরিক বিশ্বাস এবং পরে অর্থনৈতিক ঐক্যবদ্ধতা গভীর করা দরকার।’
বাকি যে পরামর্শগুলো দেওয়া হয়েছে সেগুলো হলো- উদ্ভাবন ও মিথস্ক্রিয়া গভীর করা, নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে শক্তিশালী সহযোগিতা রাখা এবং সাংস্কৃতিক ও মানুষের সঙ্গে মানুষের সংযোগ গভীরে নেওয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button