
নিউজিল্যান্ডের আকাশে উড়ন্ত অবস্থায় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষে উভয় বিমানের পাইলট নিহত হয়েছেন।
রোববার (১৬ জুন) দেশটির মাসর্টেটন শহরের নিকটবর্তী হুড এয়ারোড্রোমে সংঘর্ষের পর দুটি বিমানই মাটিতে পড়ে বিধ্বস্ত হয়।
স্থানীয় পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ডের এক খবরে বলা হয়েছে, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে সেগুলো ছিল হাল্কা বিমান। নিউজিল্যান্ড পুলিশও বিমানের সংঘর্ষের খবর নিশ্চিত করেছে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বিমান দুটির মধ্যে সংঘর্ষের পর তিনি বিকট শব্দ শুনতে পান। আকাশে চারপাশে বিমানের বিভিন্ন ধ্বংসাবশেষ উড়তে থাকে। তারপর একসময় দুটি বিমান নিচে পড়ে বিধ্বস্ত হয়।
খবরে আরও বলা হয়, যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে তার একটি ছিল প্রশিক্ষণ বিমান। বিমানে থাকা চার জনের কাছে প্যারাসুট থাকায় তারা সংঘর্ষের কিছুক্ষণ আগে প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়েছিলেন।
বিমান দুটি বিধ্বস্ত হওয়ার ঠিক একই সময়ে অবতরণ করার জন্য প্রস্তুত অপর একটি হেলিকপ্টারও সংঘর্ষের মধ্যে পড়তে যাচ্ছিল। তবে কোনো রকমে হেলিকপ্টারটি সংঘর্ষ এড়াতে সক্ষম হয়।




