
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনকল্যাণের কিছু নেই উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গরিবের কাছ থেকে টাকা নিয়ে বড় লোকের হাতে তুলে দেওয়ার জন্যই এ বাজেট।দুর্বৃত্তদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে অর্থনীতিকে আরও ভঙ্গুর করে দেবে।
রোববার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এবারের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বাজেট কে বড়লোক তোষণের বাজেট, লুটেরাদের বাজেট উল্লেখ করে মান্না বলেন, বাজেটে সম্পদের বৈষম্য কমানোর ন্যূনতম কোনো দিক নির্দেশনা নেই, বরং যে পদক্ষেপে নেওয়া হয়েছে তাতে বৈষম্য আরও বাড়বে।
১০ শতাংশ ট্যাক্স দিয়ে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করে লিখিত বক্তব্যে মান্না বলেন, বাজেট ঘাটতি মেটানোর ঋণ অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে; পরোক্ষ করের আধিক্য রাষ্ট্রের প্রায় সব মানুষের ওপর চাপ তৈরি করবে; খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিং সেক্টরের সংস্কারের কোনো পদক্ষেপ নেই; প্রায় প্রণোদনাহীন শেয়ার বাজার; কালো টাকা সাদা করার সুযোগ অসৎ হবার জন্য রাষ্ট্রীয় প্ররোচনা; দুর্নীতির প্রকোপ, সুশাসনের অভাবের কারণে উন্নয়ন বাজেটের একটা বড় অংশ বাস্তবায়িত হয়নি; বন্টনের সীমাহীন বৈষম্য শুধু ব্যক্তিতে নয়, জেলায়ও আছে; দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দেবে এ বাজেট; এতে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে জাতীয় সংসদে ‘সমৃদ্ধি সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের’ শিরোনামের ২০১৯-২০ অর্থ বছরের বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।পরে তিনি অসুস্থ বোধ করলে বাজেটের বাকি অংশ উত্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




