অর্থনৈতিক সংবাদশিরোনাম

ভল্টের টাকায় গড়মিল : বাংলাদেশ ব্যাংকের ৪ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ভল্টে অনিয়মের ঘটনা কর্তৃপক্ষের নজরে এসেছে। অনিয়মের কারণে রংপুর শাখার চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই শাখার জেনারেল ম্যানেজার তাদের সাময়িক বরখাস্ত করেন।
বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন- মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা সাজেদ মোহাম্মদ খালেদ, শামীম মিয়া, শেফালী বেগম ও রাবেয়া বশরী। তারা চারজনই প্রথম শ্রেণির কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান, ব্যাংকের দৈনন্দিন লেনদেনের টাকাসহ পুরোনো ছেঁড়া-ফাটা নোট গণনা করে বান্ডিল করার জন্য বেশ কয়েকজন কর্মকর্তা নিয়োজিত আছেন। তাদের মুদ্রা নোট পরীক্ষক কর্মকর্তা বলা হয়।
তিনি বলেন, সম্প্রতি টাকা গণনার ওই বিভাগ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পরে বিষয়টি তদন্তে হিসাবে গরমিল পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চার কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে।
ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, ওই চার কর্মকর্তা ব্যাংকের টাকা চুরি করেছেন। ভল্টে গণনা করে কয়েন ও টাকার পরিমাণ কম পাওয়া গেছে। তবে কী পরিমাণ টাকা কম পাওয়া গেছে তা জানা যায়নি।
সংশ্লিষ্ট শাখার মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘নিয়ম বহির্ভূত কিছু কাজের জন্য বাংলাদেশ ব্যাংক রংপুরের জেনারেল ম্যানেজার (জিএম) চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button