আন্তর্জাতিক সংবাদশিরোনাম

রোহিঙ্গা সংকট সমাধানে চীনসহ এশীয় দেশগুলোর সম্পৃক্ততার আহ্বান

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও অন্যান্য এশীয় দেশকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
গতকাল মঙ্গলবার চীনে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক মিডিয়া ফোরামে রোহিঙ্গা ইস্যু উত্থাপন করে এ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের আদিনিবাসে নিরাপদে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ।
মঙ্গলবার সন্ধ্যায় হিলটন ইউক্সি ফুক্সিয়ান লেক রিসোর্টে দ্বিতীয় চীন-দক্ষিণ এশিয়া সহযোগিতা ফোরামের পাশাপাশি চীন-দক্ষিণ এশিয়া মিডিয়া ফোরাম অনুষ্ঠিত হয়।
সিনহুয়া নেটের সভাপতি তিয়ান সুবিন, ইউনান মিডিয়া গ্রুপের সভাপতি হে ইয়ানিং, বাংলাদেশ বেতারের কন্ট্রোলার অব নিউজ তানিয়া নাজনীন, বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আকরাম উদ্দিন আহমদ মীর, সিনহুয়ানেটের ডেপুটি এডিটর ইন চিফ লিউ জিয়াওয়েন, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও শ্রীলঙ্কার জ্যেষ্ঠ সাংবাদিকরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
ফোরামের গোলটেবিল বৈঠকে তানিয়া নাজনীন বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আমরা চীন ও অন্যান্য এশীয় দেশের আরো বেশি সম্পৃক্ততা আশা করছি।’
কক্সবাজার জেলায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করে প্রতিবেদন প্রকাশের জন্য চীন ও অন্যান্য দেশের গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান নাজনীন।
বাংলাদেশ বর্তমানে ১ দশমিক ২ মিলিয়নের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছে এবং তাদের মধ্যে অধিকাংশই ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ দেশে প্রবেশ করেছে।
অনুষ্ঠানে বক্তারা রোহিঙ্গা ইস্যু ছাড়াও গণমাধ্যম, ডিজিটাল রূপান্তর চ্যালেঞ্জ ও নতুন যোগাযোগের উপায় সৃষ্টির জন্য সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন। সম্মিলিতভাবে কাজ করলে আঞ্চলিক উন্নয়ন সম্ভব বলে জানান সাংবাদিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button