আন্তর্জাতিক সংবাদশিরোনাম

জাপানে ছুরিকাঘাতে স্কুলছাত্রীসহ নিহত ২

জাপানের কাওয়াসাকি শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিশু ও এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একই ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরো অন্তত ১৯ জন।
বিবিসি জানায় আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে শহরের একটি পার্কের পাশে ওই হামলার ঘটনা ঘটে।
কাওয়াসাকি ফায়ার সার্ভিস বিভাগের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে জানান, আজ স্থানীয় সময় সকাল পৌনে আটটার দিকে তারা একটি জরুরি ফোন পান, তাতে বলা হয়- বেশ কিছু স্কুলগামী শিশু ছুরিকাহত হয়েছে।
হামলাকারী ব্যক্তি একটি বাস স্টপের কাছে মানুষজনকে ছুরিকাঘাত করতে শুরু করে বলে বিবিসি জানায়। বাস স্টপটি একটি স্থানীয় রেল স্টেশনের নিকটবর্তী। কেন ওই হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
এদিকে এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয় বলে জাপানের সংবাদ মাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে। আটকের আগে ওই ব্যক্তি নিজেই নিজের কাঁধে ছুরি চালান। এরই মধ্যে ওই ব্যক্তি মারা গেছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় পুলিশ দুটি ছুরি উদ্ধার করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, ঘটনাস্থলে তাবু খাটিয়ে আহতদের জরুরি সেবা নিশ্চিত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button