জাতীয়শিরোনাম

সড়কে শৃঙ্খলা না আনলে দুর্ঘটনা কমবে না: আবুল মকসুদ

সড়কে শৃঙ্খলা না আনলে দুর্ঘটনা কমবে না উল্লেখ করে বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, সরকার, পুলিশ ও দায়িত্বশীলদের দায়বদ্ধতা থাকলে সড়কে শৃঙ্খলা থাকতো।
সড়ক ব্যবস্থার উন্নয়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানানও তিনি।
শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। সড়কে মৃত্যুর মিছিল বন্ধ করো: নিরাপদ গণপরিবহন নিশ্চিত করো শীর্ষক ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সৈয়দ আবুল মকসুদ বলেন, পৃথিবীর কোনও দেশে পরিবহন ব্যবস্থার এমন বিশৃঙ্খল অবস্থা নেই। আমরা আজ বললেই রাস্তার উন্নতি হয়ে যাবে, বিষয়টা এমন না। তবে সরকারকে আন্তরিক হতে হবে। সড়ক পরিবহন আইন হলেও গত ৭-৮ মাসে বিধিমালা তৈরি হয়নি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সরকার কী করতে চায়, তা বাজেটের আগেই জনগণকে জানাতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন ১৫টি দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর যুগোপযোগী সংশোধনী আনয়ন ও বাস্তবায়ন; পথচারী ও অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলে উপযোগী পরিবেশ তৈরি; উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করা; যথাযথভাবে বিদ্যমান সড়ক পথ পরিচালনা ও মেরামত করা; ভুয়া লাইসেন্সধারী চালকদের নিষিদ্ধ ও শাস্তি প্রদানের ব্যবস্থা করা; পরিবহন মালিকদের জবাবদিহিতার আওতায় আনা এবং অপরাধের ভিত্তিতে শাস্তির বিধান চালু করা; ত্রুটিযুক্ত গাড়ি বাতিল করা; গাড়ি চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা করা; সড়ক ব্যবহারকারী সবার সচেতনতা বৃদ্ধি; যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা; বিআরটিএকে স্বচ্ছ ও কার্যকর করা; রেল ও নৌব্যবস্থার আধুনিকীকরণ ও সম্প্রসারণ করা এবং সড়ক নির্ভরতা কমানো; প্রশিক্ষিত, দক্ষ ড্রাইভার তৈরি করতে প্রতিটি জেলায় প্রশিক্ষণ একাডেমি চালু করা; যাত্রী, যানবাহনের মালিক, চালক, আইন প্রয়োগকারী সংস্থাসহ সবার সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং পেশাদার চালকের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে মালিকপক্ষ থেকে নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করত হবে।
২০১৮ সালের ২১ মে সড়ক দুর্ঘটনায় বাপার সাবেক কর্মী উত্তম দেব নিহত হন। এ ঘটনার পর তার নামে বাপাসহ ২৭ টি সংগঠন উত্তম দেব নিরাপদ সড়ক প্রচার অভিযান ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সকালে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
২৭টি সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষ অংশ নেন কর্মসূচিতে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button