
রাস্তায় অনিয়ম দেখলেই প্রতিবাদ করার আহবান জানিয়ে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, জাতিসংঘের টার্গেট অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকের বেশি নামিয়ে আনতে হবে। যদি তা করতে না পারি তাহলে সরকারের যে উন্নয়ন তা কখনও সফল করতে পারবো না।
শুক্রবার (১০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ সড়ক চাই আন্দোলন আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে উপস্থিত লোকজনের উদ্দেশে ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা নিয়ম মেনে রাস্তায় চলবো। আমাদের জীবন যেন সড়কে চলে না যায়, আমরা যেন পঙ্গুত্ববরণ না করি সেই দিকে সচেতন হবো। কাজেই আপনারা নেতৃত্ব দান করবেন যার যার জায়গা থেকে। আপনারা যারা বাসে চলাফেরা করেন তারা হেলপারকে বলতে পারেন বাসের দরজা লাগিয়ে রাখার জন্য। এই দায়িত্ব আপনার নিজের জন্য নিতে হবে। রাস্তায় যখনই আমরা কোনও অনিয়ম দেখবো তখনই তার প্রতিবাদ করবো।
তিনি বলেন, এই জীবন একটাই, পৃথিবীতে আমরা একবারের জন্য এসেছি। আমাদের ভুলের কারণে কিংবা কারও ভুলের কারণে, কারও অবহেলা বা অদক্ষতার কারণে আমাদের জীবন রাস্তার মধ্যে চলে যাক এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমি বিশ্বাস করি, সকলের সহযোগিতায়, সকলের সচেতনতায় আইন ও নিয়ম মানার মাধ্যমে যদি সড়ক ব্যবহার করতে পারি তাহলে আমরা ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে কমিয়ে আনতে পারবো।




