বিনোদন

বিয়ে করতে চান, নিতে চান সন্তানও, কিন্তু…

গেল দুই বছরে বলিউডের ভক্তরা হিন্দি চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকটি রাজকীয় বিয়ে দেখেছেন। আনুশকা শর্মা-বিরাট কোহলি থেকে শুরু করে রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের রূপকথার বিয়েতে মাতোয়ারা ছিলেন অনুরাগীরা। জোর গুঞ্জন, এবার বরুণ ধাওয়ান ও নাতাশা দালালের বিয়ের পালা। তাই ৩৫ বছরের ক্যাটরিনা কাইফের পক্ষে কি বিয়ের অবধারিত প্রশ্ন এড়িয়ে যাওয়া সম্ভব?
সম্প্রতি অভিনেতা-প্রযোজক আরবাজ খানের আলাপ অনুষ্ঠান ‘পিঞ্চ’-এ অতিথি হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সেখানেই সঞ্চালক এই অভিনেত্রীর বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। বি-টাউনের সবার মনেও একটাই জিজ্ঞাসা, কবে বিয়ে করবেন ক্যাটরিনা।
জবাবে বলিউডের ‘চিকনি চামেলি’ বলেন, ‘নো ক্লু।’ ‘জীবন অনিশ্চিত। আমরা জানি না, কী হতে চলেছে,’ একেবারে দার্শনিকের মতো যোগ করেন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনার হতাশামিশ্রিত যৌক্তিক জবাবের পর সঞ্চালক আরবাজ খান ফের জানতে চান, তবে কি ভবিষ্যতে বিয়ে-থা করে থিতু হওয়ার পরিকল্পনা রয়েছে? এই আবেদনময়ীর উত্তর, ‘ব্যক্তি হিসেবে প্রথাগত বিয়ে পদ্ধতি আর সন্তান ধারণে বিশ্বাস করি।’ অর্থাৎ বিয়ে করবেন এটা নিশ্চিত, তবে ঠিক কবে তা বললেন না নায়িকা। রয়ে গেল ভক্তদের কৌতূহল।
যদিও নিজের বিয়ে নিয়ে একেবারেই অনিশ্চিত ক্যাটরিনা কাইফ, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একনিষ্ঠ অনুরাগীরা বিয়ের প্রস্তাব দিয়ে চলেছেন নায়িকাকে। ওই শোতে এমনই একটি অনুরোধ পড়েন ক্যাটরিনা। এরপর বলেন, ‘অনেক মানুষ এখনো রয়েছেন, যাঁরা আমার প্রতি এমন তীব্র আবেগ পোষণ করেন, সেটা জেনে ভালোই লাগল।’
সাত বছর চুটিয়ে প্রেমের পর ২০১৬ সালে রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ক্যাটরিনার। তাঁদের বিচ্ছেদ ছিল বলিউডের অন্যতম আলোচনার বিষয়। তবে গেল তিন বছরে অনেক কিছুই বদলে গেছে। সাবেক প্রেমিক রণবীর কাপুর খুঁজে পেয়েছেন ভালোবাসার মানুষ আলিয়া ভাটকে। তবে মনের মানুষের দেখা আর পাননি ক্যাটরিনা।
বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গেও ক্যাটরিনার প্রেম ছিল বলে বি-টাউনের অনুরাগীদের বিশ্বাস। অবশ্য এ নিয়ে দুজনই কখনো মুখ খোলেননি। তবে তাঁদের মধ্যে রয়েছে গভীর বন্ধুত্ব, সেটা স্পষ্ট। প্রায়ই ভক্তরা অনুরোধ করেন, যেন বিয়ের পিঁড়িতে বসেন সালমান-ক্যাটরিনা।
যা-ই হোক, গত বছর ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, এই বছরে একজন বয়ফ্রেন্ড চান তিনি। ‘আর সিঙ্গেল থাকতে চাই না,’ বলেন ক্যাটরিনা।
ক্যাটরিনা কাইফকে আগামীতে সালমান খানের ‘ভারত’ সিনেমায় দেখা যাবে। এই ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে ছবিটি। ৫ জুন পর্দায় উঠবে। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button