খেলা

বাংলাদেশ-ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল চান ব্রিটিশ হাইকমিশনার

দু’মাস আগে বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত রবার্ট চ্যাটার্টন ডিকসন। অল্প সময়ের মধ্যেই এ দেশের পরিবেশ ও মানুষের আতিথেয়তা মুগ্ধ করেছে তাকে।
মানুষের ভালোবাসায় বিমুগ্ধ এই হাইকমিশনার আসন্ন ক্রিকেট বিশ্বকাপে নিজ দেশের পাশাপাশি বাংলাদেশকে ফাইনালে দেখতে চেয়েছেন।
বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের এক প্রতিবেদনে সম্প্রতি উঠে এসেছে ব্রিটিশ এই হাইকমিশনারের ক্রিকেটপ্রীতির কথা। তিনি বলেন, বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। এর মধ্যে বাংলাদেশ একটি। এ নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। অতীতে ইংলিশ কন্ডিশনে লাল-সবুজ জার্সিধারীরা সাফল্য পেয়েছে। আশা করি, এবারো পাবে; বিশ্বকাপে ফাইনাল খেলবে ইংল্যান্ড ও বাংলাদেশ। টাইগারদের জন্য শুভকামনা।
তবে শিরোপা হাতছাড়া করতে চান না এই ব্রিটিশ নাগরিক। ফাইনালে নিজ দলের জয় কামনা করে তিনি বলেছেন, কার্ডিফের সোফিয়া গার্ডেনে ফাইনাল হবে। তাতে ইংল্যান্ড জিতুক, সেটা প্রত্যাশা করি।
বাংলাদেশ মিশনে যোগ দেওয়ার পর মাশরাফিদের সঙ্গে দেখা করেছেন এ রাষ্ট্রদূত। তিনি বলেন, একটি বিশেষ দিবসে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আমার দেখা হয়েছে। দলে অনেক তারকা ক্রিকেটার আছে। যোগ্যতা দিয়েই বিশ্বমঞ্চে তারা।
বিশ্বকাপের সময় এখানেই থাকবেন রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি আরও জানিয়েছেন, মনেপ্রাণে চাই ইংল্যান্ড বিশ্বকাপ জিতুক। তবে আমাদের দল না পারলেও যেন বাংলাদেশ ট্রফি জেতে।
বিশ্বকাপে টাইগারদের সমর্থন জানাতে দেশ থেকে ইংল্যান্ড যাবেন অসংখ্য ক্রিকেটপ্রেমী। দেশটিতেও রয়েছে বহু বাংলাদেশি। নিজ দেশের সমর্থকদের সমর্থন তো আছেই, পাশাপাশি বিদেশিদেরও সমর্থন পাবেন ম্যাশ বাহিনী বলে মনে করেন ডিকসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button