
দেশের পরিবহন খাত ঘুর্ণিঝড় ফণীর মতোই ভয়াবহ এবং এই খাতে এখন ১০ নম্বর সতর্কসংকেত চলেছ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান।
বুধবার (২ মে) সাম্প্রতিক সময়ে পরিবহন খাতে নানা সমস্যা নিয়ে ঢাকা মহানগর নাট্যমঞ্চের কাজী বশীর মিলনায়তনে আয়োজিত মালিক–শ্রমিকদের এক যৌথ সভায় তিনি এ কথা বলেন।
শাহজাহান খান বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ যেভাবে ভয়াবহতা নিয়ে হাজির হতে যাচ্ছে, পরিবহন খাতে এমন ভয়াবহতা অনেক দিন ধরেই বিদ্যমান। বিভিন্ন দুর্ঘটনার কারণে মালিক ও শ্রমিকদের কোটি কোটি টাকা জরিমানা ও যাবজ্জীবনের সাজা দেওয়া হচ্ছে। এমন চলতে থাকলে এ খাতের সংশ্লিষ্টদের ভিটামাটি বিক্রি করতে হবে। এজন্য মালিক-শ্রমিকদেরও কিছু দুর্বলতা আছে। ভুয়া লাইসেন্স ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। নিজেদের সংশোধন করতে হবে।
পরিবহন খাতেই সরকারের বেশি মাথা ব্যথা বলে মনে করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙা। তিনি বলেছেন, পরিবহন খাত স্মরণকালের সবচেয়ে বেশি সমস্যার মধ্যে আছে। এখন গাড়ি চালালেও, না চালালেও জবাবদিহি করতে হয়। কিন্তু অন্যান্য খাত নিয়ে সরকারের এমন মাথাব্যথা নেই।
সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।




