বিনোদন

রহমানের সঙ্গে বাগদান সেরেছেন বিশ্বসুন্দরী সুস্মিতা?

সাম্প্রতিক দিনগুলোতে বলিউডের অন্যতম আদুরে যুগল হয়ে উঠেছেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন ও তাঁর প্রেমিক রহমান শাল। জীবনের সুখী অধ্যায়ে আছেন তাঁরা। দুজন দুজনকে খুব ভালোবাসেন আর তা প্রকাশ্যে ভাগাভাগি করতে সংকোচ করেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই প্রেমময় ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন জয় করেন।
নতুন একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন সুস্মিতা সেন, যেটি এখন ট্রেন্ড তালিকার শীর্ষে উঠে এসেছে। বলিপাড়ায় জোর গুঞ্জন, সম্পর্কের পরবর্তী ধাপে পৌঁছে গেছেন সুস্মিতা-রহমান, আংটিবদল করেছেন তাঁরা।
সদ্যই ইনস্টাগ্রামে প্রকাশ্যে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছেন সুস্মিতা। প্রেমিকের হাত ধরে নিজ দেশ ভারত ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন বঙ্গকন্যা সুস্মিতা সেন। সেই ছবি ভাইরাল হওয়ার পর আরেকটি ছবি ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম।
প্রেমিক রহমানের সঙ্গে পোস্ট করা ওই ছবিতে সুস্মিতার হাতে একটি আংটি দেখা যাওয়া নিয়েই যত উত্তেজনার ছড়াছড়ি। অভিনেত্রীর আঙুলের আংটিকে অনেকেই এনগেজমেন্ট রিং বলে মনে করছেন। ছবির ক্যাপশনে অবশ্য এনগেজমেন্টের ইঙ্গিত নেই।
সুস্মিতা লিখেছেন, ‘নিঃশর্তে কাউকে ভালোবাসা এ জন্যই কঠিন বলে মনে করা হয়, কারণ আমরা শর্তসাপেক্ষ হতেই অভ্যস্ত… মন না মাথা কাকে অনুসরণ করব এটা বেছে নেওয়া বেশি চ্যালেঞ্জিং হয়। তবুও শর্ত মাথায় থাকলেও ভালোবাসা থাকে মনেই! প্রেম আসলে একটা বোনাস। নিঃশর্তভাবে তোমার রহমান!’
অবশ্য নেটিজেনদের বিশ্বাস, সাদা হীরার মাঝে নীল স্যাফায়ার বসানো আংটিটি সুস্মিতার এনগেজমেন্ট রিং। কৌতূহলী অনেক ভক্তই সেই পোস্টে জিজ্ঞাসা করেছেন, শেষমেশ এনগেজমেন্টটা সুস্মিতা সেরেই ফেললেন কি না। অনেকে আবার শুভেচ্ছাও জানিয়েছেন এই যুগলকে।
এর আগে সাবেক বিশ্বসুন্দরীর প্রেমে মত্ত রহমান আরো লেখেন, ‘আমি সবচেয়ে খুশি থাকি যখন তোমার খুশির আশপাশে থাকি। তুমি আমাকে আমার খাঁচা থেকে বের করে আনো এবং সমস্ত পাগলামিতে যুক্ত করো। তবে যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি অবাক করে তা হলো, আমি তোমার সঙ্গে পাগলামি করতে ভালোবাসি। চলো, পালিয়ে যাই।’
সামাজিক মাধ্যমে সুস্মিতা ও রহমান প্রায়ই নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। কয়েকদিন আগেই ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী একটি সুন্দর ভিডিও শেয়ার দিয়েছিলেন। সেখানে প্রেমিককে আমার রুহ বলে উল্লেখ করেছিলেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার একমাত্র মানুষ, যাঁর জন্য আমি এক পায়ে খাড়া।’
অন্যান্য বলিউড যুগলদের মতো সুস্মিতা সেন ও রহমান শাল কখনোই নিজেদের প্রেম আড়াল করতে চান না। বিভিন্ন ইভেন্ট ও শোতে তাঁরা হাত ধরাধরি করে হাজির হন, আলোকচিত্রীদের ক্যামেরার সামনে সহাস্যে পোজ দেন।
সুস্মিতার দুই সন্তান আলিসা ও রিনি, দুজনের সঙ্গেই ভালো সখ্য রহমানের। সুস্মিতার পরিবারে নিজেকে বেশ মানিয়ে নিয়েছেন ২৮ বছরের মডেল রহমান।
কয়েক মাস আগে দুজনের বিয়ের গুঞ্জন উঠেছিল। তবে সুস্মিতা সেন প্রকাশ্যেই জানিয়েছেন, আপাতত বিয়ের ইচ্ছে নেই। রহমানের সঙ্গ উপভোগ করছেন তিনি। তবে ভক্তদের প্রতীক্ষা, কবে তাঁরা বিয়ের ঘোষণা দেবেন। এরই মাঝে সুস্মিতার হীরার আংটিটি ভক্তদের মনে জ্বলজ্বল করছে! সূত্র : এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button