অপরাধ

নয়াপল্টনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া তরুণ গ্রেফতার

রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর পুলিশের গাড়িতে এক তরুণের আগুন দেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটানর প্রায় আড়াই মাস পর অভিযোগে ওয়াসিম (২৮) নামের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মিরপুর পল্লবী এলকা থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়নপত্র জমা দিতে আসার সময় হাজারখানেক নেতা-কর্মীর মিছিল পুরো রাস্তা আটকে দেয়। মিছিলটিকে রাস্তা থেকে সরিয়ে একটি লেন চালু করার চেষ্টায় পুলিশ লাঠিপেটা করলে সংঘাতের সূত্রপাত হয়। বিএনপির নেতা-কর্মীরাও খুব দ্রুত মারমুখী হয়ে ওঠেন। ওই সময় হেলমেট পরা এক যুবককে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা যায়। সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই পুলিশ ওই যুবককে খুঁজছিল।
এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা আবদুল বাতেন বলেন, সে সময় পুলিশের গাড়িতে উঠে হেলমেট পরে উন্মাদনা করা হয়েছিল। সেই যুবক আওয়ামী লীগের লোক বলেও অপপ্রচার চালানো হয়। পরে আমরা ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করি। সেখান থেকে ঘটনার সঙ্গে ৯০ জনকে শনাক্ত করেছি। তাদের মধ্যে ওয়াসিমসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি বলেন, তাদের ব্যাপারে তদন্ত চলছে। আমরা তাদের নাম, প্রকৃত ঠিকানা জানতে চেষ্টা করছি। তবে জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে এরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের গাড়িতে আগুন নিয়ে উল্লাস করা যুবকের সঙ্গে গ্রেপ্তার ওয়াসিমের চেহারার মিল পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত জানা যাবে বলে মনে করে পুলিশ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
সংঘর্ষের জন্য বিএনপি নেতা মির্জা আব্বাস, তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির আরেক নেতা আখতারুজ্জামান ও নবীউল্লাহ দায়ী। সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আসামি করে পুলিশ তিনটি মামলা করেছে। তবে বিএনপি নেতারা পাল্টা দাবি করেন এটা সরকার বা আওয়ামী লীগের সাবোটাজ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button