দূর্ঘটনাশিরোনাম

আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় চিকিৎসক নিহত

মানিকগঞ্জে সড়কেই নিভে গেল ডা. মঞ্জুর আলম খানের (৪৪) প্রাণ। আজ বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে মানিকগঞ্জের তরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডা. মঞ্জুর আলম খান দুই ছেলে ও এক মেয়ের বাবা। ২৫তম বিসিএসে চাকরিতে যোগ দেন তিনি। তাঁর বাড়ি জেলার সিংগাইর উপজেলার নিলাম্বরপট্টি গ্রামে। পরিবার নিয়ে মানিকগঞ্জ শহরের বাসায় থাকতেন।
পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন মঞ্জুর। সকাল সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের তরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বালুবাহী একটি ট্রাক পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে ছিটকে তিনি মহাসড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাঁকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ও পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানকার চিকিৎসকরা মঞ্জুরকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. লুৎফর রহমান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহামান জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। আর দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button