
‘এই হামলায় শহীদদের আত্মা কষ্ট পাবে। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস এটাও ভুলে গেছে তারা। এরা কিছু ছোকরা। কিছু টোকাই। ভাড়াটিয়া। এরা কারা? এদের ভাড়া করেছে কার?’
শুক্রবার পুরনো পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে শহীদ বুদ্ধিজীবী দিবসে গাড়ি বহরে হামলার বিষয়ে ড. কামাল হোসেন এই কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আজকে বুদ্ধিজীবী দিবস ছিল। আমার অনেক বন্ধু শহীদ হয়েছেন। তাদেরকে আজ শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। সেখানে হামলা হয়েছে। শহীদদের স্মৃতির সামনে এমন ঘটনা শহীদদের অবমাননা। এটা মেনে নেয়া যায় না। এর বিচার হবে।’
ড. কামাল বলেন, ‘যারা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধে হামলা করেছে এরা কারা? এদের পরিচয় কী? কয় পয়সা পেয়ে তোমরা এই কাজ করেছো? এটা কোনো সুস্থ, দেশপ্রেমিকের কাজ হতে পারে না।’
উল্লেখ্য, সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে স্মৃতিস্তম্ভের কাছেই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা করা হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তবে হামলায় ড. কামালের কোনো ক্ষতি হয়নি।




