রাজনীতি

আ.লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীদের কাছে শেখ হাসিনার বিশেষ অনুরোধ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে ‘বিশেষ অনুরোধ’ জানিয়েছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান। বিজ্ঞপ্তিতে দলের সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষর দেওয়া একটি চিঠি রয়েছে।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের বলেছেন, বিএনপি-জামায়াতের হিংস্র থাবা থেকে দেশ ও জাতিকে রক্ষা করে বাংলাদেশে টেকসই ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আপনার কাছে আমার বিশেষ অনুরোধ ঐক্যবদ্ধ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মহাজোট প্রার্থীর পক্ষে আপনার প্রার্থিতা প্রত্যাহার করে মহাজোটকে বিজয়ী করার সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। ‘আপনার ত্যাগ, শ্রম ও আন্তরিকতা সবকিছুই আমার বিবেচনায় আছে’, বিদ্রোহী প্রার্থীদের বলেন শেখ হাসিনা।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, আমি (শেখ হাসিনা) নিশ্চিত করে বলতে পারি আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে নৌকা মার্কাকে পরাজিত করার সাংগঠনিক শক্তি আর কারো নেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয় লাভ করে আবারও বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ পাবে।
তিনি দলীয় বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীর পক্ষে আপনার সকল সাংগঠনিক দক্ষতা, শক্তি ও সামর্থ, ত্যাগ ও বিশ্বস্ততা আওয়ামী লীগের বিজয়কে সুনিশ্চিত করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button