
বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ বাড়াতে ১০ বিশিষ্ট জনকে নির্বাচনে চান গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।
তালিকায় থাকা ব্যক্তিরা হলেন- বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. হোসেন জিল্লুর, ড. আকবর আলি খান, টিআইবির সুলতানা কামাল, হাসান মশহুদ চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, ডা. জাফরুল্লাহ চৌধুরী, শাহদীন মালিক, আলী ইমাম মজুমদার ও সৈয়দা রিজওয়ানা হাসান।
জানা গেছে, সোমবার ১০ জনের নামের এই তালিকা বিএনপির কাছে পাঠানো হয়েছে। দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানও বিষয়টি অবহিত আছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, বিশিষ্ট এসব ব্যক্তি যদি নির্বাচনে জড়িত হন অথবা সরাসরি নির্বাচন করতে চান তাহলে বিএনপি স্বাগত জানাবে। দলটি মনে করছে, এই ব্যক্তিরা নির্বাচনে এলে বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ পড়বে।
তালিকায় থাকা দুজন শুরু থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আছেন। তারা হলেন- ডা. জাফরুল্লাহ এবং কিছু দিন আগে কারাগারে যাওয়া ব্যারিস্টার মইনুল হোসেন।
বিশিষ্টজনদের প্রায় সবাই একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন সময়ে নিজ নিজ অবস্থান থেকে কথা বলছেন। তবে তারা সরাসরি নির্বাচনে যুক্ত হবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।




