আজ হেরেছি, কাল নিশ্চয়ই জিতব: মাশরাফি

ইনজুরি, অসহনীয় আবহাওয়া, সুপার ফোর রাউন্ডের বিতর্কিত সূচি ও বিতর্কিত আম্পায়ারিংসহ একের পর এক প্রতিকূলতা পেরিয়ে এশিয়া কাপে শেষ বলের বেদনাদায়ক পরাজয় সত্ত্বেও সকলের হৃদয় জয় করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
শনিবার (২৯ সেপ্টেস্বর) রাত ১১টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এশিয়া কাপে তিনবারের ফাইনালিস্টরা।
বিমানবন্দরেই সাংবাদিকদের সাথে কথা বলেন টুর্নামেন্টে নিজেদের প্রাপ্তি-অপ্রাপ্তি, সাফল্য-ব্যর্থতা নিয়ে। যা ছিল পুরোটাই নিয়মমাফিক ও প্রথাগত কথাবার্তা।
তবে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রিকেটের বাইরে গিয়ে দেশবাসীর জন্য বিশেষ এক বার্তা প্রদান করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পূর্বপশ্চিম পাঠকদের জন্য নিচে মাশরাফির সে বার্তা হুবহু তুলে ধরা হলো:
নাহ! এবারও হলো না! আমরা যখন মাঠে খেলি তখন আমরা শতভাগ দিয়ে চেষ্টা করি দেশকে যেন জিতাতে পারি। তখন মুশফিক পাজরের ব্যাথা নিয়ে ব্যাটিং করে টানা তিন ঘন্টা, সাকিব হাতে সেলাই নিয়ে খেলে, তামিম ভাঙা হাত নিয়ে নেমে পরে ব্যাটিং করতে একহাতে।
আমরা ক্রিকেটের ছোট পরিসরে একটা জয় দিয়ে যদি ১৬ কোটি মানুষের মুখে হাসি দিতে পারি, তাহলে একবার চিন্তা করে দেখেন তো যদি সবাই মিলে নিজের স্থান থেকে যদি দেশের জন্য কিছু করি তাহলে দেশটার কি আমুল পরিবর্তন করতে পারি।
শুধু দরকার একটু দায়িত্ববোধ ও চেষ্টার। আসুন না আমরা সবাই মিলে একবার চেষ্টা করেই দেখি এই লাল সবুজের পতাকাটার জন্য। আমরা প্রতিদিনই জিতার চেষ্টা করি আজকে না হয় হারলাম, নিশ্চয়ই কালকে আবার জিতব। দেখা হবে আবার।




