সন্ধ্যায় ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ান ফুটবলের বিশ্বকাপ খ্যাত- সাফ সুজুকি কাপ ২০১৮ টুর্নামেন্ট মাঠ গড়াচ্ছে আজ (মঙ্গলবার)। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বিকেল ৪টায় মাঠে নামবে নেপাল ও পাকিস্তান। একই দিন সন্ধ্যা ৭ টায় স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে ভুটান।
প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু করবে। সাফ চ্যাম্পিয়নশিপের প্রডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন।
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ স্মৃতি ভীষণ হতাশার। ২০১৬ সালের অক্টোবরে এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফে এই ভুটানের কাছে ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজের দল। দুর্বল দলটির কাছে এই লজ্জাজনক হার হতবিহ্বল করে দিয়েছিল বাংলাদেশের ফুটবলপ্রেমীদের। দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে পরাজয় বলা হয় এটিকে।
বাংলাদেশ দলের সাফল্যে খুবই আশাবাদী কোচ জেমি ডে। বলেন, আমাদের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো। এর পর ধারাবাহিকভাবে এগোতে চাই। আমার ওপর কোপ চাপ নেই। তাই আশা করছি সাফল্য পাব আমরা। সে সামর্থ্য খেলোয়াড়দের আছে।
তবে ভুটানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হার নিয়ে মোটেও ভাবতে চান না বাংলাদেশ কোচ, ভুটানের বিপক্ষে সেই ম্যাচে আমি বাংলাদেশের কোচ ছিলাম না। তাই সে বিষয়টি নিয়ে ভাবনার কিছু নেই। কারণ সে দলের অনেক খেলোয়াড় এখন এই দলে নেই। আমরা খেলায় মনোযোগী হতে চাই, অন্য কিছু নিয়ে নয়।
সবশেষ ম্যাচে হারের কথা বাদ দিলে ভুটানের বিপক্ষে বাংলাদেশ অনেক এগিয়ে। দু’দলের মুখোমুখি ছয় দেখায় ওই একটি জয়ই আছে ভুটানের। দু’টো জয় বাংলাদেশের। কাগজে-কলমেও শক্তিশালী বাংলাদেশ। তাই বেশ সতর্ক ভুটান।




